“সুযোগসন্ধানী ব্যবসায়ীরা অবৈধভাবে পণ্য মজুত করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছেন”
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশের বাজারে বেশকিছু পণ্যের দাম বেশি। আর এ সংকটে কিছু সুযোগসন্ধানী ব্যবসায়ী অবৈধভাবে পণ্য মজুত করে বাজার আরও অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে নানা উৎসবে অনেক ছাড়ের ব্যবস্থা থাকে। তারা অল্প লাভ করেন। আমাদের দেশে তার উল্টো। সামনে রমজান মাস, আপনারাও একটু সংযমী হোন। অল্প লাভ করুন। বাজার ব্যবস্থাপনা কমিটিগুলো রমজানে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পণ্য কেনার পর ভোক্তাকে বিক্রির রসিদ দিতে হবে। রসিদ না দেয়ার অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়টি যথাযথভাবে তদারকি করা হবে।
টিপু মুনশি বলেন, রমজান মাসের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনের তুলনায় অনেক বেশি পণ্য মজুত রয়েছে। পণ্য সংকটের কোনো আশঙ্কা নেই। কোনো পণ্যের ঘাটতি নেই। সরবরাহ স্বাভাবিক রয়েছে। ভোক্তারা যদি চাহিদার বেশি পণ্য না কেনেন এবং একবারে এক মাসের পণ্য না কেনেন, তাহলে বাজারে পণ্যের ওপর কোনো চাপ পড়বে না।
পাশাপাশি পণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকার চেষ্টা করছে বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস






"নার্সের শিক্ষা গ্রহণ করলে শুধু দেশে নয়, বিদেশেও কর্মসংস্থান হবে" - tathyasangjog
March 15, 2023[…] আরও পড়ুনঃ “সুযোগসন্ধানী ব্যবসায়ীরা অবৈধভাবে প… […]