সুদানে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১৫০
সুদানের দক্ষিণাঞ্চলীয় একটি রাজ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর মানুষদের সংঘর্ষে ১৫০ জনের মতো নিহত হয়েছেন।
বৃহস্পতিবার এ ঘটনার প্রতিবাদে রাজ্যটির রাজধানী দামাজিনের রাস্তায় বের হন সর্বস্তরের মানুষ। এসব ঘটনার তীব্র নিন্দা জানান তারা।
এ বিষয়ে ওয়াদ আল-মাহি হাসপাতালের প্রধান আব্বাস মুসা জানান, গত বুধবার ও বৃহস্পতিবার, দুই দিনে সংঘর্ষে নিহতদের মধ্যে নারী-শিশু, এমনকি বয়স্ক মানুষরাও রয়েছেন। সহিংসতায় আরও ৮৬ জন আহত হন বলেও জানান তিনি।
হাউসা ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে আরেক গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত গত সপ্তাহে। এই এলাকার বাসিন্দাদের অনেকেই বন্দুকযুদ্ধ আর বাড়িঘরে আগুন দেওয়ার কারণে আতঙ্কে ঘরছাড়া হয়েছেন। রাজধানী খার্তুমের দক্ষিণে ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) রোজাইরেসের কাছে ওয়াদ আল-মাহি এলাকায় এই সংঘর্ষের ঘটনার মূল কেন্দ্র।
বৃহস্পতিবার দামাজিনের রাস্তায় শত শত মানুষ নামেন এবং আঞ্চলিক গভর্নরের পদত্যাগের দাবি জানান। তারা সহিংসতা চান না বলেও উল্লেখ করেন।
আরও পড়ুনঃ বিএনপিই অগ্রগতি ও সমৃদ্ধির প্রধান অন্তরায়: ওবায়দুল কাদের





