সীমান্তে পুশইন বাড়লেও নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইনের সংখ্যা বৃদ্ধি পেলেও নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৭ মে) সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ১৪তম ডেপুটি জেলার এবং ৬২তম কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সীমান্তে পুশইনের সংখ্যা বেড়েছে, তবে এরা আমাদের দেশের নাগরিক। আমি ভারত সরকারকে আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর জন্য বলেছি। কিন্তু তারা তা মানছে না।” তিনি জানান, এই ইস্যুতে ইতোমধ্যে বৈঠক হয়েছে, এবং ভারতের কাছে যথাযথ প্রক্রিয়া মেনে বাংলাদেশিদের ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, “সীমান্তের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই। আমাদের বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পূর্ণ প্রস্তুত। পুশইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে, এবং আমরা এই বিষয়ে সতর্ক রয়েছি।” তিনি সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষের সহযোগিতা কামনা করেন।





