সিভিল প্রসিডিউর কোড সংশোধনের উদ্যোগ সরকারের
মামলার দ্রুত নিষ্পত্তি ও সাশ্রয়ী বিচার নিশ্চিত করতে সিভিল প্রসিডিউর কোড সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার দুপুরে রাজধানীর বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আয়োজিত লিগ্যাল এইড বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
ড. আসিফ নজরুল বলেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারকদের প্রশিক্ষণ ও বিভিন্ন সংস্কার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মামলার জটিলতা থেকে মানুষকে মুক্ত করতে আইনগত সহায়তা প্রদান আইনেও সংশোধন আনা হচ্ছে।” তিনি জানান, এই সংশোধনের মাধ্যমে অল্প খরচে ও দ্রুত সময়ে মামলার নিষ্পত্তি সম্ভব হবে।
আইন উপদেষ্টা আরও জানান, জনগণের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে দরিদ্র ও অসহায়দের বিনামূল্যে আইনি সেবা প্রদানের উপরও জোর দেন।





