সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন ব্যবহার অনুপযোগী ঘোষণা রাজউকের
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কারিগরি কমিটি সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহারের অনুপোযোগী ঘোষণা করেছে।
বুধবার রাতে কমিটির আহ্বায়ক মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী এ ঘোষণা দেন।
তিনি বলেন, ভবনটি এখন ব্যবহারের অনুপযোগী। এর ২৪টি পিলারের মধ্যে ৯টিই ক্ষতিগ্রস্ত। ভবন ব্যবহার অথবা অপসারণের জন্য হলেও কিছুদিনের জন্য সংস্কার করতে হবে। তারপরে সিদ্ধান্ত আসবে ভবনটি ব্যবহার করা যাবে, নাকি ভেঙে ফেলতে হবে।
এরআগে, রাজউক, বুয়েট ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে কারিগরি কমিটি গঠন করা হয়। কমিটিকে দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ারও নির্দেশ দেয়া হয়।
এ বিষয়ে রাজউক কর্মকর্তা রঞ্জন মন্ডল বলেন, পিলার ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার অভিযানে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না। এতে কম্পন তৈরি হলে ভবন ধসে পড়তে পারে।





