সারাদেশে ডেঙ্গুতে আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৫ জনের
সারাদেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন রেকর্ড ৮৫৫ জন। এদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন।
এর আগে, ১৩ অক্টোবর দেশে একদিনে সর্বোচ্চ ৭৬৫ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল। এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়িয়েছে ২,৮৪৭ জনে।
১৬ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৫৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫২৩ জন ও ঢাকার বাইরে ৩৩২ জন।
উল্লেখ্য, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ১৮১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২২ হাজার ২৪০ জন।
এদিকে আজ ৫ জনসহ ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৯৪ জনের।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।





