সাগর-রুনির সন্তান মেঘের হাতে প্লটের দলিল হস্তান্তর, তদন্তে দ্রুততার নির্দেশ
নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের কাছে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক আনুষ্ঠানিকতার মাধ্যমে মেঘের হাতে এই দলিল তুলে দেওয়া হয়।
সাংবাদিক সাগর সরওয়ার ২০০৪ সালে এই প্লটের জন্য আবেদন করেন এবং ২০০৫ সালে তা বরাদ্দ পান। ২০০৯ সালে প্লটের সম্পূর্ণ মূল্য পরিশোধ করা সত্ত্বেও বিগত আওয়ামী লীগ সরকার এই প্লটটি সাগরের পরিবারের কাছে হস্তান্তর করেনি। উত্তরাধিকার সূত্রে এই প্লটের মালিক এখন সাগরের মা সালেহা মনির এবং ছেলে মাহির সরওয়ার মেঘ।
দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।
তিনি বলেন, “এ ধরনের দীর্ঘসূত্রিতা তদন্তে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং আইনি ব্যবস্থার প্রতি হতাশা তৈরি হয়।” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই আলোচিত হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দেন।
গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, তদন্তের দীর্ঘসূত্রিতার কারণে অনেক গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়ে গেছে বলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে।
তিনি আরও বলেন, তদন্তে জড়িতদের দ্রুততার সঙ্গে কাজ করার জন্য সরকার কঠোর নির্দেশনা দিয়েছে।
অনুষ্ঠানে মেঘ তার নিজের ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আখতার, সৈয়দা রিজওয়ানা হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং মেহেরুন রুনির ভাই নওয়াজেশ আলম রোমান।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে, দীর্ঘ ১৩ বছর পেরিয়ে গেলেও এই মামলার তদন্ত এখনো শেষ হয়নি, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে।





