‘৩৭টি সুপারিশ বাস্তবায়িত, ২৪৬টি চলমান’
রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গঠিত ১১টি কমিশনের মধ্যে ১০টি কমিশনের মোট ৩৬৭টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে ৩৭টি সুপারিশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
বাস্তবায়িত ১০টি কমিশন:
– জনপ্রশাসন সংস্কার কমিশন
– নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন
– পুলিশ সংস্কার কমিশন
– বিচার বিভাগ সংস্কার কমিশন
– দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন
– স্থানীয় সরকার সংস্কার কমিশন
– শ্রম সংস্কার কমিশন
– নারী বিষয়ক সংস্কার কমিশন
– গণমাধ্যম সংস্কার কমিশন
– স্বাস্থ্য সংস্কার কমিশন
বাস্তবায়িত ৩৭টি সুপারিশ:
১. নির্বাচন ব্যবস্থা সংস্কার:
– আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন।
– নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা জারি।
– হলফনামার খসড়া তৈরি।
– স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য নীতিমালা সংশোধন।
২. জনপ্রশাসন সংস্কার:
– পাসপোর্ট ইস্যুর জন্য পুলিশ ভেরিফিকেশন বাতিল।
– সরকারি দপ্তরে গণশুনানি নিশ্চিতকরণে পরিপত্র জারি।
৩. দুদক সংস্কার:
– তদন্তপূর্ব আবশ্যিক অনুসন্ধান ব্যবস্থা বিলোপ।
– দুদক আইনের ধারা ৩২(ক) বিলোপ।
– উচ্চমাত্রার দুর্নীতি তদন্তে আলাদা টাস্কফোর্স গঠন।
– সিএজি ও আইএমইডির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর।
৪. বিচার বিভাগ সংস্কার:
– সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত সুপারিশ বাস্তবায়ন।
– আদালতে ‘ইনফরমেশন ডেস্ক’ স্থাপন।
– নারী ও শিশুদের জন্য আদালতে স্বতন্ত্র স্থান ব্যবস্থা।
– অনলাইনে সরকারি সাক্ষীর সাক্ষ্যগ্রহণ।
– আইনজীবীর বিরুদ্ধে মামলায় অন্য আইনজীবী নিয়োগে প্রতিবন্ধকতা দূরীকরণে সুপ্রিম কোর্টের সার্কুলার।
– আইনগত সহায়তার সঙ্গে মধ্যস্থতা কার্যক্রম সংযুক্তকরণ।
– দেওয়ানি ও ফৌজদারি মামলা নিষ্পত্তি ত্বরান্বিত করতে কার্যবিধি সংশোধন।
৫. নারী বিষয়ক সংস্কার:
– সাক্ষী ও অপরাধের শিকার ব্যক্তির সুরক্ষায় আইনি কাঠামো তৈরি।
– পুলিশ, আইনজীবী, বিচারকদের জেন্ডার সংবেদনশীলতা প্রশিক্ষণ।
– জাতীয় ক্রীড়া পরিষদে নারী প্রতিনিধির সংখ্যা বৃদ্ধির জন্য আইন সংশোধন।
– রাত্রিকালীন কাজে নারী শ্রমিকদের নিরাপত্তা ও পরিবহন নিশ্চিতকরণ।
৬. শ্রম সংস্কার:
– যুবকদের জন্য একক সংজ্ঞা নির্ধারণ ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।
– প্রবাসী শ্রমিকদের জন্য বাধ্যতামূলক জীবন বীমা।
– অভিবাসী নারী শ্রমিকদের নিজ নামে ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা।
– প্রাক-অভিবাসন পর্যায়ে অধিকার ও সুরক্ষা বিষয়ে তথ্য প্রদান।
– ভাষা ও কর্ম সংক্রান্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক।
– দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের জন্য চিকিৎসা, হেলথ কার্ড ও ক্ষতিপূরণ।
– শিল্পবিরোধ নিষ্পত্তিতে ত্রিপক্ষীয় ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি।
– গোপনীয় অভিযোগ দায়েরের জন্য অনলাইন-অফলাইন ব্যবস্থা।
– শ্রম আদালত ও সার্কিট কোর্টের সংখ্যা বৃদ্ধি।
– শিশুর ঝুঁকিপূর্ণ কাজের তালিকা হালনাগাদ।
– শ্রম কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ।
– কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্যে ছুটি নির্ধারণ।
– কারখানা পরিদর্শন প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ।
– ঝুঁকিপূর্ণ কাজে সুরক্ষা ও ঝুঁকি ভাতা।
– ট্যানারি শিল্পে বিশেষ প্রশিক্ষিত শ্রম পরিদর্শক নিয়োগ
শফিকুল আলম জানান, গত সপ্তাহে ১২১টি সুপারিশ বাস্তবায়নাধীন ছিল, যার মধ্যে ১৪টি পুরোপুরি এবং ১৪টি আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে।
বাকি সুপারিশগুলো পর্যালোচনা বা বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৮তম বৈঠকে আরও ২৪৬টি আশু করণীয় সুপারিশ অনুমোদিত হয়েছে। এর মধ্যে শ্রম সংস্কারে ৮২টি, নারী বিষয়ক সংস্কারে ৭১টি, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ৩৭টি, স্বাস্থ্যে ৩৩টি এবং তথ্য সংস্কারে ২৩টি সুপারিশ রয়েছে। এই সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।





