“সঠিক রাজনীতির মাধ্যমে দেশ পুনর্গঠনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সঠিক রাজনীতির মাধ্যমে দেশ পুনর্গঠনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। যত বাধাই আসুক, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।
আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, পেছনে দেখার সময় নেই, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য।
মির্জা ফখরুল বলেন, বিএনপি এখন নিঃসন্দেহে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা সংগ্রাম করেছি। নির্বাচনী ব্যবস্থাকে পুনরায় সংস্কার করে সেখানে তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থার সংগ্রাম ছিল।
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণের কল্যাণে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বলেও জানান মির্জা ফখরুল।
আরও পড়ুনঃ চাঁদাবাজদের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই: মির্জা ফখরুল





