সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানি শুরু, নিরপেক্ষতার প্রতিশ্রুতি ইসির
নির্বাচন কমিশন (ইসি) সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দাবি-আপত্তির শুনানি শুরু করেছে। শুনানি শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, “আমরা পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করার চেষ্টা করছি।”
রোববার (২৪ আগস্ট, ২০২৫) দুপুর ১২টায় নির্বাচন ভবনে এই শুনানি প্রক্রিয়া শুরু হয়। সিইসি জানান, আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি-আপত্তি জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তিনি বলেন, “আপনাদের আবেদনগুলো আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। শুনানিতে যৌক্তিক ও যথাযথ বিষয়গুলো উপস্থাপন করুন।”
শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার, চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত ছিলেন। আপত্তিকারী এবং তাদের ক্ষমতাপ্রাপ্ত কৌঁসুলিরা শুনানিতে অংশ নিচ্ছেন।
প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের দাবি-আপত্তির শুনানি অনুষ্ঠিত হবে। ইসি সচিব জানিয়েছেন, রোববার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-২, ৩ ও ৫; দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত কুমিল্লা-৬, ৯, ১০ ও ১১; এবং বিকেল সাড়ে তিনটা থেকে ৫টা পর্যন্ত নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চাঁদপুর-২ ও ৩, ফেনী-৩, এবং লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের দাবি-আপত্তির আবেদন শুনানি হবে।
গত ৩০ জুলাই নির্বাচন কমিশন ৩০০টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে। এতে ভোটার সংখ্যার ভারসাম্য আনতে গাজীপুর জেলায় আসন সংখ্যা বাড়িয়ে ছয়টি করা হয়েছে। অপরদিকে, বাগেরহাটে আসন সংখ্যা চার থেকে কমিয়ে তিনটি করার প্রস্তাব দেওয়া হয়েছে।





