“শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর খবর পত্রিকার মাধ্যমে জেনেছি”
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আপনাদের মতো আমিও শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর খবর পত্রিকার মাধ্যমে জেনেছি। আমাদের কী করার আছে?
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে পাল্টা প্রশ্ন রাখেন উপদেষ্টা।
তৌহিদ হোসেন বলেন, আপনাদের মতো আমিও এটা (শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো) পত্রিকার মাধ্যমে জেনেছি। আমাদের কী করার আছে?
প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত ডিসেম্বরে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে।
চিঠির জবাব এখনও ভারত দেয়নি জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেয়া হয়েছিল, তার জবাব এখনও পাইনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছ চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে।





