“শেখ হাসিনার কারণে আপনারা শান্তিতে আছেন, আপনারা শান্তি দেখতে পেয়েছেন”
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, শেখ হাসিনার কারণে আপনারা শান্তিতে আছেন, আপনারা শান্তি দেখতে পেয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে অবস্থানরত জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে তাদের অধিকার শিখিয়েছেন। তা না হলে এই দেশের মানুষ অধিকার সম্পর্কে জানতেন না। বঙ্গবন্ধু সব সময় নিয়মতান্ত্রিক রাজনৈতিক করতেন। কখনো নিয়মের বাইরে রাজনীতি করতেন না। তিনি সহিংসতা রাজনীতি করতেন না। মানুষ হত্যায় বিশ্বাসী ছিলেন না। তিনি বিশ্বাসী ছিলেন, গণতন্ত্রে। সেই গণতন্ত্রের জন্য ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণ দেন। সেই ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। স্বাধীনতা আদায় করতে কীভাবে প্রস্তুত হতে হবে সেই দিক নির্দেশনা দেন।
আনিসুল হক বলেন, সারা বিশ্ব যখন এই ভাষণ শুনেছেন, তখন তারা বুঝতে পেরেছেন এই ভাষণ হবে একটি ঐতিহাসিক ভাষণ। এ ভাষণ শুনে আমাদের চোখে পানি এসেছিল, এ ভাষণে আমরা স্বাধীনতা যুদ্ধে যাওয়ার উদ্বুদ্ধ হয়েছিলাম।
আইনমন্ত্রী আরও বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুসহ তার পরিবারের ১৮ জনকে হত্যা করা হয়। তারা বাংলাদেশকে শেষ করে দিতে চেয়েছিলেন। খন্দকার মোস্তাক, জিয়াউর রহমান ও তার দোসরেরা। তারা বাংলাদেশের ওপর আবার পাকিস্তানি কায়দায় হত্যাযজ্ঞ চালায়। জিয়া এই দেশে রাজাকার ও আলবদর দিয়ে সরকার গঠন করেছিলেন। আজ তারা বড় বড় কথা বলেন। তারা নাকি গণতন্ত্রের জন্য যুদ্ধ করছেন। তারা সব সময় হত্যাতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন। তারা বাঙালি ও বাঙালির জাতির পিতাকে হত্যা করেছেন।
মন্ত্রী বলেন, তাদের (বিএনপি) এই ভাওতাবাজি ভুলবেন না। তাদের আর কখনো ভাওতাবাজি দেওয়ার সুযোগ দেবেন না। আজকে ৭ মার্চের আমাদের শপথ হবে, শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল করেছেন। ২০৪১ সালে আমরা তার স্বপ্ন মতে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে মর্যাদা এনে দেব। আমরা শেখ হাসিনার সঙ্গে থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো।
আরও পড়ুনঃ আজ ঐতিহাসিক ৭ মার্চ





