শিগগির হাট ও বাজার স্থাপন আইনের বিধিমালা আসছে
‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩’ এর অধীনে শিগগিরই বিধিমালা করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩’ এর আওতায় হাট ও বাজারের সরকারি খাস জমি অবৈধভাবে দখলে রাখা বা যথাযথ অনুমতি ছাড়া ওই খাস জমির ওপর কোনো অবৈধ স্থাপনা নির্মাণ বা নির্মাণের উদ্যোগ নেওয়া দণ্ডনীয় অপরাধ। এ আইন লঙ্ঘনকারীর সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।
গত ১৩ ফেব্রুয়ারি এ আইনের গেজেট প্রকাশ হয়। এ আইনের অধীন সংঘটিত অপরাধ জুডিসিয়াল কোর্টের মাধ্যমে বিচারের কথা বলা হয়েছে। এছাড়া এ আইনের অধীন সংঘটিত অপরাধগুলো প্রযোজ্যক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেও বিচার করা যাবে।
এছাড়া ২০২১-২২ অর্থবছরের হিসাব অনুযায়ী সারাদেশে মোট হাট ও বাজার সংখ্যা ১০ হাজার ২৭৩টি। এর মধ্যে সাত হাজার ৯৭২টি ইজারা দেওয়া হাট ও বাজার থেকে সরকারের প্রায় ৭৪৪ কোটি টাকা রাজস্ব আয় হয় বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ভূমি মালিকানা ও ব্যবহার আইন, ভূমি সংস্কার আইন, ভূমি উন্নয়ন কর আইন, স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল (সংশোধন) আইন এবং ভূমির ব্যবহারস্বত্ব গ্রহণ আইন নিয়ে কাজ করছে।
আরও পড়ুনঃ “দণ্ডপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না”





