লিবিয়ায় বন্যায় ৩ হাজারের বেশি মানুষের প্রাণহানি
লিবিয়ায় নজিরবিহীন বন্যায় সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি। এ বন্যায় এ পর্যন্ত তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত অন্তত ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।
আজ মঙ্গলবার রেড ক্রসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির লিবিয়ার দূত তামের রমজান জেনেভায় জাতিসংঘের এক ব্রিফিংয়ে হতাহত এবং নিখোঁজের এই সংখ্যা তুলে ধরেন।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী ওসমান আবদেল জলিলও তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আল-মাসার টিভি চ্যানেলকে তিনি বলেছেন, ‘হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা ১০ হাজারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’
গত রোববার (১০ সেপ্টেম্বর) আফ্রিকার দেশটির পূর্ব উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানে। প্রচণ্ড বাতাস ও ভারি বৃষ্টিপাতের কারণে বেনগাজি, তবরুক, তৌকরা, আলমার্জ, তাকনেস, আলওয়াইলিয়া, বায়াদা, বালবায়াদা, শাহহাত, সুসা ও দেরনার মতো শহরগুলোতে ব্যাপক বন্যা দেখা দেয়।
আরও পড়ুনঃ “দেশের ৫ মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ৭৮২২ কোটি”





