রোববার সারাদেশে শান্তি সমাবেশের ঘোষণা দিল আওয়ামী লীগ
বিএনপির হরতাল প্রতিরোধে রোববার সারাদেশে শান্তি সমাবেশ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।
সারাদেশে শান্তি সমাবেশের ঘোষণা দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নোংরা দল, খুনি দল- আজকে বিএনপি পুরানো চেহারায় ফিরেছে, আবার জাতির সামনে তাদের চেহারা তুলে ধরেছে বলেও জানান তিনি।
তিনি বলেন, আমি ঘোষণা দিয়ে বলছি, এদের হরতাল কেউ মানবে না। তাদের অস্ত্র ভোতা হয়ে গিয়েছে। এই ভোতা অস্ত্রে কোনো কাজ হবে না। আগামীকাল মহানগর থানা, জেলা, শহর, উপজেলা—সারা বাংলাদেশে শান্তি সমাবেশ করা হবে। আমরা শান্তি চাই, নির্বাচনের আগেও শান্তি চাই আবার নির্বাচনের পরেও শান্তি চাই। সামনে এ সন্ত্রাসীদের সঙ্গে খেলার মতো খেলতে হবে। এ অপরাধীদের ইতিহাস যা, আজ তারা তাই করেছে। এদের স্বভাব আয়নার মতো পরিষ্কার। এদের আর ক্ষমা করা যায় না।
মন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব ফখরুল কোথায়, বিএনপি কোথায়? মহাযাত্রা এখন মহাপতন যাত্রা তাদের, মহাযাত্রা এখন মরণ যাত্রা। আমরা সেমিফাইনালে গেছি, নির্বাচনে ফাইনাল খেলা হবে।
আরও পড়ুনঃ রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন দিল বিএনপি





