রোববার পদত্যাগপত্র দেবেন বিএনপির সংসদ সদস্যরা
রোববার জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন বিএনপির ৭ সংসদ সদস্য।
এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স।
এর আগে শনিবার বিকেলে রাজধানীর গোলাপবাগে দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় সাতজন এমপির পদত্যাগের ঘোষণা দেওয়া হয়।
এই সংসদ সদস্যরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
দুপুর ১টা ২০ মিনিটের পর গণসমাবেশে বিএনপির এমপিরা ধারাবাহিকভাবে বক্তব্য দিয়ে পদত্যাগ করার ঘোষণা দেন। তবে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ অস্ট্রেলিয়ায় থাকায় তিনি এ গণসমাবেশে উপস্থিত ছিলেন না।
গণসমাবেশে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, এ জনসভায় আমি একটা সিদ্ধান্তের ঘোষণা দিতে চাই। আমরা সাতজন এমপি আছি। শুক্রবার স্ট্যান্ডিং কমিটিতে আমাদের নেতা তারেক রহমানের সভাপতিত্বে সিদ্ধান্ত হয়েছে, বিশাল এ জনসমুদ্র সাক্ষী রেখে আমরা এ সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।
আরও পড়ুনঃ রোনালদোদের কাঁদিয়ে সেমিফাইনালে মরক্কো





