রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মা–ছেলের
রাজশাহীর তানোরে পানি আনতে গিয়ে পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ৩ বছরের ছেলে মারা গেছেন। নিহত দুজন হলেন মরিয়ম বেগম (৩০) ও তাঁর ৩ বছরের শিশুপুত্র মাহফুজুর রহমান। মরিয়ম বেগম বাধাইড় গ্রামের হজরত আলীর স্ত্রী।
আজ রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার বাধাইড় ইউনিয়নের বাধাইড় গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে মরিয়ম পানি নেওয়ার জন্য বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে যান। সেখানে একটি সাবমার্সিবল পাম্প রয়েছে, যেটি দিয়ে কৃষিজমিতে পানি দেন কৃষকেরা।
মরিয়ম বেগম ওই পাম্প চালু করার জন্য তার টেনে নিচ্ছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ও তাঁর ছেলে অচেতন হয়ে যান। প্রতিবেশীরা সুইচ বন্ধ করে দুজনকে তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ চট্টগ্রামে এডিস মশা নিধন অভিযানে ৬৫ হাজার টাকা জরিমানা





