“রমজানে নিত্যপণ্যের সংকট হবে না”
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আগামী রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিয়ে কোনো সমস্যা হবে না বলেও আশ্বাস দিয়েছেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর হাজারীবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্য আমদানিতে এলসি খুলতেও কোনো জটিলতা নেই।
এর আগে গত ৪ জানুয়ারি সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ভোজ্যতেল, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, খেজুর ও চিনি রমজান মাসের জন্য দরকারি পণ্য। এ ৬টি পণ্য মজুত রাখার ব্যবস্থা করা হবে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের এলসি খোলার সমস্যা নিয়ে তিনি সে সময় বলেছিলেন, ‘এলসি খোলা নিয়ে আলোচনা হয়েছে; আমরা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলব। আশা করি, এ সমস্যা শিগগিরই সমাধান হবে।’





