“যেকোনো মূল্যে নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে”
যেকোনো মূল্যে নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
শুক্রবার যশোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশ দেন সিইসি। যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক মিলনায়তনে অনুষ্ঠিত এ বৈঠকে ডিসি-এসপি, ইউএনও-ওসি, বিজিবি, কোস্টগার্ড ও আনসার বাহিনীর ২৯০ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, যেকোনো মূল্যে নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে। নির্বাচনের মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং অফিসারদের মূল দায়িত্ব পালন করতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, ভোটকেন্দ্রের ভেতরে শুধু নির্বাচনী কর্মকর্তারাই থাকবেন। সেখানে কোনো অনিয়ম, কারচুপি, দখলদারিত্ব যেন না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। ভোটাররা স্বাধীনভাবে যাতে ভোট দিতে পারেন সেটা নিশ্চিত করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিভিন্ন জায়গায় যে হামলার ঘটনা ঘটছে সেগুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদনে দোষী শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।





