“যুবকদের ভোটার তালিকায় আনতে চাই”
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ভোটার তালিকায় যুবকদের যুক্ত করতে কিছু পরিবর্তন আনতে হবে।
রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।
তিনি বলেন, সংস্কার কমিশন আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছে। কারণ তারা সংস্কার কমিশনের প্রতিবেদন শিগগির সরকারে কাছে জমা দেবেন। আমাদের কোনো সুপারিশ বা বক্তব্য আছে কি না তা জানতে চেয়েছেন তারা। আমরা বিভিন্ন বিষয়ে যেটা ফিল করছি সেগুলো জানিয়েছি।
কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ডেলিমেটেশন সংক্রান্ত কিছু আছে এবং ভোটার তালিকা সংক্রান্ত কিছু আছে। এছাড়া যেগুলো নির্বাচনের জন্য গুরুত্ব সেগুলোর বিষয়ে আমাদের কিছু সুপারিশ থাকবে। তারা সুপারিশ করুক আর না করুক আমাদের তা অ্যাড্রেস করতে হবে। তা না হলে আমরা ডেলিমেটেশনকে অ্যাড্রেস করতে পারছি না। ভোটার তালিকায় যেহেতু যুবকদের আনতে চাই সেহেতু এখানেও কিছু পরিবর্তন আনতে হবে। আমরা তাদের বিষয়গুলো জানতে চাইনি। আমাদের কি প্রয়োজন সেগুলো বলেছি।





