মিয়ানমারে জান্তা বাহিনীর ৭৩ সদস্যকে হত্যা করেছে বিদ্রোহী গোষ্ঠী
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স গ্রুপ (পিডিএফ) এবং ইথনিক আর্মড অরগানাইজেশন (ইএও) জান্তা বাহিনীর ৭৩ সদস্যকে হত্যা করেছে।
সোমবার দেশটির সংবাদমাধ্যম দ্য ইরাবতি পিডিএফ এবং ইএওর বরাতে এ তথ্য জানায়।
ইরাবতি জানায়, গত তিন দিন ধরে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে জান্তা বাহিনীর ৭৩ সদস্যকে হত্যা করে বিদ্রোহী গোষ্ঠীরা। তবে সেনা সদস্যের হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি।
শনিবার কায়াহ রাজ্যের দোমোসো এলাকায় কারেন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২০ জান্তা সেনা নিহত হন। চারজনকে বন্দি করা হয়েছে। কারেন বিদ্রোহী গোষ্ঠীরা জানিয়েছে সংঘর্ষের সময় প্রচুর অস্ত্র, গুলিসহ সামরিক সরঞ্জাম রেখে পালিয়ে যায় সেনারা। ফেলে যাওয়া সামরিক সরঞ্জামের পুরোটাই জব্দ করেছে কারেন বিদ্রোহী গোষ্ঠী।
এছাড়া রোববার ম্যাগওয়ে অঞ্চলের ইয়েসাগিও শহরে পিডিএফের সংঘর্ষে কমপক্ষে ৩০ জান্তা সেনা নিহত হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছে। এ সময় দুজন পিডএফ সদস্যও গুরুতর আহত হয়েছে।





