মালয়েশিয়ায় মানবপাচারের দায়ে ১২ বাংলাদেশিসহ আটক ৩৩
মালয়েশিয়ায় মানবপাচারের অভিযোগে ১২ বাংলাদেশিসহ ৩৩ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।
আজ শনিবার দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ১০ জুন একটি বিশেষ অভিযানে ‘রাইডার’ গ্যাং ব্যবহার করে অবৈধ পথে অভিবাসী মানব পাচার সিন্ডিকেটের সদস্যদের আটক করা হয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেন, গোয়েন্দা তথ্যের ভিওিতে কেলান্টান স্টেট ইমিগ্রেশন বর্ডার ইন্টেলিজেন্স ইউনিটের সঙ্গে হেডকোয়াটার্সের ইন্টেলিজেন্স এবং স্পেশাল অপারেশন বিভাগের ট্যাকটিক্যাল টিমের (পাসটাক) ১৯ সদস্যর অপারেশন টিম এ অভিযান পরিচালনা করে।
সীমান্তে অবৈধ ঘাঁটি দিয়ে অভিবাসীদের মালয়েশিয়ায় প্রবেশ করার সময় তাদের আটক করা হয়। এসময় অপারেশন টিম একটি ট্রানজিট হাউসে অভিযান চালিয়ে চার বাংলাদেশিকে আটক করেন। এছাড়াও একটি ট্রান্সপোর্টার গাড়িতে পালানোর সময় একজন থাই মহিলা এবং দুই ভারতীয়কে আটক করা হয়।





