মানুষের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন এবং চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছি আমরা।
স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উঠে এসেছে বিষয়টি।
তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ-বিক্ষোভের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তারা বাংলাদেশে প্রতিবাদ বিক্ষোভের বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
ম্যাথিউ মিলার বলেন, ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতার ঘটনা আমরা পর্যবেক্ষণ করছি, আন্দোলনকে শান্তিপূর্ণ রাখার আহ্বান জানিয়েছি এবং শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতার অব্যাহতভাবে নিন্দা জানাচ্ছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা জানাই। আমাদের দূতাবাস এবং ওয়াশিংটনের কর্মকর্তারা এই আন্দোলন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং আন্দোলনে মানুষের মৃত্যুর খবর, নিহত হওয়ার খবর পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে আমরা আবারও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্য মানুষের অধিকারকে সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান জানাই।
এর আগে গত সোমবারও (১৫ জুলাই) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি উঠে আসে। সে সময় ম্যাথিউ মিলার বলেন, ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক ছাত্র বিক্ষোভে শত শত আহত হওয়ার যেসব রিপোর্ট পেয়েছি, তা নিয়ে আমরা সচেতন আছি। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।
সে সময় তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ গণতন্ত্রের জন্য অপরিহার্য। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা জানাই। যারা এই সহিংসতার শিকার হয়েছেন, তাদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে।
আরও পড়ুনঃ “আমি কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন”





