মানবাধিকার রক্ষায় জেনেভায় প্রশংসিত বাংলাদেশ
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, সুইজারল্যান্ডের জেনেভায় ইউনিভার্সালি পিরিয়ডিক রিভিউ (ইউপিআর) ওয়ার্কিং গ্রুপের অধিবেশনে মানবাধিকার রক্ষায় বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করা হয়েছে ।
আজ সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, এবার বাংলাদেশের চতুর্থ রিভিউ অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২০০৯, ২০১৩ ও ২০১৮ সালে বাংলাদেশের পিরিয়ডিক রিভিউ হয়েছিল। এসময়ে একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে মানবাধিকার সুরক্ষা ও প্রসারে বাংলাদেশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।
আইনমন্ত্রী বলেন, গত রিভিউয়ের পর বাংলাদেশে মানবাধিকার সম্পর্কিত বেশকিছু আইন প্রণয়ন করা হয়েছে, সেগুলো তুলে ধরেছি। এছাড়াও দেশে একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানে বর্তমান সরকারের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে।
বাংলাদেশের এবারের রিভিউয়ে ১১২টি দেশ অংশ নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, অধিকাংশ দেশই নিজেদের বক্তব্যে মানবাধিকার রক্ষায় বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেছে। এছাড়াও নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য দূরীকরণ, আর্থসামাজিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, খাদ্যনিরাপত্তা, সবার জন্য আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষার উন্নয়ন, জলবায়ু পরিবর্তনে সরকারের অগ্রগতিও প্রশংসিত হয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় অংশগ্রহণকারী দেশগুলো বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন।
আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু





