ভোটকেন্দ্রে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই: সিটিটিসি
সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেছেন, ভোটকেন্দ্রে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। তবুও নির্বাচনের পরিবেশ যেন বিঘ্নিত না হয় এবং শান্তিপূর্ণ পরিবেশে যেন ভোটাররা ভোট দিতে পারেন সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষীবাহিনী সোচ্চার রয়েছে।
আজ রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, থার্টি ফার্স্টকে ঘিরে কোনো হামলার আশঙ্কা নেই। এই গোষ্ঠীটি পশ্চিমা কালচারকে বিশ্বাস করে না, তাই থার্টি ফার্স্টে আমরা সর্বোচ্চ নিরাপত্তা জোরদার রেখেছি।
এসময় নব্য জেএমবির দুই সদস্য গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর সংগঠন নব্য জেএমবি। সব শেষ আমির মাহাদী হাসান জনকে সিটিটিসির তথ্যের ভিত্তিতে তুরস্কের পুলিশ গ্রেফতার করে।
তিনি বলেন, নব্য জেএমবি পুনরায় একটিভ হওয়া শুরু করেছে এমন তথ্য আমাদের কাছে ছিল। তাদের ৫-৬ জনকে গ্রেফতার করে সিটিটিসি। তাদের জিজ্ঞাসাবাদে দুই নেতাকে গ্রেফতার করতে সক্ষম হয় সিটিটিসি। তারা হলেন মো. ইউসুফ ওরফে ইউসুফ হুজুর এবং মো. জহিরুল ইসলাম ওরফে জহির।





