“ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই”
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিসা নিষেধাজ্ঞা আমেরিকার গতানুগতিক প্রক্রিয়া। বিচলিত হওয়ার কিছু নেই। আমেরিকার ভিসা নীতি নিষেধাজ্ঞা দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর কোনো প্রভাব পড়বে না।
আজ বুধবার দুপুরে নওগাঁর নেয়ামতপুরে পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো ঘাটতি নেই। আগে যেমন ছিলো এখনও তেমনই আছে। বিষয়টি নিয়ে একটি মহল বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করে তুলছে।
তিনি বলেন, তাদের দেশের ভিসা নীতি, আমাদের এখানে কেন প্রভাব পড়বে? আগেও তো ভিসা চাইলেই সবাইকে দিত না। মানে, এটা তো সে রকমই। তারা অন্য কিছু বলেনি। বলেনি তো অমুক দল, অমুক সংগঠনকে যেতে দেবে না। কাজেই এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী স্বাভাবিক প্রক্রিয়াতে রয়েছে এবং আগামীতে স্বাভাবিক প্রক্রিয়াতে কাজ করবে।





