ভারতে চার বছরের কম বয়সী শিশুদের জন্য কাশির সিরাপ নিষিদ্ধ
চার বছরের কম বয়সী শিশুদের জন্য কাশির সিরাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার।
গত ১৮ ডিসেম্বর এ নির্দেশিকা জারি করা হলেও, বুধবার (২০ ডিসেম্বর) তা প্রকাশ্যে আনা হয়।
সংবাদমাধ্যম এনডিটিভি ও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে নিষেধাজ্ঞা অনুযায়ী লেবেল ব্যবহার করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। অর্থাৎ এখন থেকে শিশুদের জন্য এই ওষুধ যে নিরাপদ নয়, তা বিশেষ সতর্কীকরণ হিসেবে কাশির ওষুধের বোতলের গায়ে লেখা থাকতে হবে।
ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বলছে, অননুমোদিত ঠান্ডার ওষুধ বা কাশির সিরাপের প্রচারের বিষয়ে উদ্বেগ সৃষ্টি হওয়ায় নির্দিষ্ট বছরের কম বয়সী শিশুদের জন্য এসব সিরাপ নিষিদ্ধ করার সুপারিশ করা হয়।
এ সুপারিশ মূলত ২০১৯ সাল থেকে ভারতে শিশুমৃত্যুর পরিপ্রেক্ষিতে করা, যা ভারতে উৎপাদিত ‘বিষাক্ত’ কাশির সিরাপের সঙ্গে যুক্ত।
গত বছরের মাঝামাঝি সময়ে ভারতে তৈরি কাশির সিরাপ সেবনের পর জাম্বিয়া, উজবেকিস্তান ও ক্যামেরুনে অন্তত ১৪১ শিশুর মৃত্যু হয়।





