ভারতের উত্তরাখন্ডে তীর্থযাত্রীদের বহনকারী বাস খাদে পড়ে নিহত ৭
ভারতের উত্তরাখন্ডে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত সাতজন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরও ২৭ জন।
স্থানীয় সময় রোববার (২০ আগস্ট) ওই দুর্ঘটনা ঘটেছে। বাসটি গুজরাট থেকে তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল। উত্তরাখন্ডের উত্তরকাশি জেলায় ওই দুর্ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাসটিতে ৩৫ জন যাত্রী ছিল। গঙ্গোত্রী থেকে ফেরার সময় গাংনানীতে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুশকর সিং ধামি বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন।
তিনি ওই দুর্ঘটনার বিষয়ে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেছেন। দ্রুত গতিতে ত্রাণ ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।
দুর্ঘটনার পর পরই সেখানে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং মেডিক্যাল টিম সেখানে পৌঁছায়।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনের জরুরি সহায়তা দেওয়ার জন্য দেরাদুনে একটি হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছে। গত কয়েকদিনে ভারী বৃষ্টিপাত আর বন্যায় বিপর্যস্ত উত্তরাখন্ড।
আরও পড়ুনঃ ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ





