ব্রিটেনের হাসপাতাল চিকিৎসা দেয়নি, দাঁত তোলেন নিজেই!
৫০ বছর বয়সি ডেভিড সার্জেন্ট ব্রিটেনের বাসিন্দা। ১৫ বছর ধরে দাঁত তোলেন নিজেই! সংবাদমাধ্যম ওয়েলস অনলাইন-এ সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এ দাঁতের ডাক্তার দেখাতে বার বার চক্কর কেটেও কোনও লাভ হয়নি।
তিনি জানিয়েছেন, বহু বছর ধরে তিনি দাঁতের সমস্যায় ভুগছেন। কিন্তু চিকিৎসার কারণে বার বার এনএইচএস -এর দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি। তার চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসেনি বলেও তার দাবি। এর পর পেশায় প্রাক্তন কসাই ডেভিড নিজেই নিজের দাঁত তোলার সিদ্ধান্ত নেন।
ডেভিড জানান, দাঁত তোলার আগে তিনি বেশ কয়েক বোতল বিয়ার পান করেন। পাশাপাশি ব্যথা উপশমকারী কিছু ওষুধও তিনি খান।
তিনি বলেন, ‘প্রথমে আমি দাঁত আলগা হওয়া পর্যন্ত অপেক্ষা করি এবং আঙুল দিয়ে খুঁচিয়ে ওই দাঁতের মাড়ি আরও আলগা করার চেষ্টা করি। পরে নিজেই ওই দাঁত টেনে বার করে দিই। দাঁত তোলার জন্য মাঝে মাঝে প্লায়ারও ব্যবহার করি। দাঁত থেকে রক্ত বের হলেও এক-দু’দিনের মধ্যে তিনি ঠিক হয়ে যায় বলে জানান ডেভিড।‘
তবে ডেভিডের অভিযোগ অস্বীকার করেছে এনএইচএস। সংস্থাটি জানায়, ডেভিড মানসিক সমস্যায় ভুগছেন।
সংস্থাটির দাবি, ডেভিড দাঁতের চিকিৎসার জন্য কোনও দন্তচিকিৎসকের সঙ্গে যোগাযোগ না করে সরাসরি এনএইচএস-এর দফতরে এসে ঝামেলা করতেন।
আরও পড়ুনঃ বাধ্যতামূলক অবসরে পাঠানোর তালিকা দীর্ঘ হচ্ছে, সচিবালয়ে গুঞ্জন





