ব্যবসায়ীরা চেয়েছেন বলেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে: বাণিজ্যমন্ত্রী
ব্যবসায়ীরা কেনা দামে নিতে চেয়েছেন বলেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত কটন সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী।
তবে গ্যাসের দাম পুননির্ধারনের ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, বিষয়টি নিয়ে শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ব্যবসায়ীরা। এরপরই আসতে পারে নতুন সিদ্ধান্ত।
তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত নয়, ব্যবসায়ীদের চাওয়ার পরিপ্রেক্ষিতেই গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক হবে। এর পরেই নতুন সিদ্ধান্ত আসতে পারে।
সম্প্রতি নিজস্ব উৎস ও অতি উচ্চমূল্যে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) দিয়ে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে শিল্পখাতে প্রতি ইউনিট গ্যাসের দাম ১১ টাকা ৯৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা নির্ধারণ করেছে সরকার, যা আগামী মাস থেকে কার্যকর হবে।





