বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম
বিশ্ববাজারে সোনার দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ২ হাজার ৫০০ ডলার ছুঁয়েছে।
বিশ্ববাজারে সোনার দাম বাড়ায় দেশের বাজারেও যে কোনো সময় দামি এই ধাতুটি বাড়ানো হতে পারে। বর্তমানে দেশের বাজারে রেকর্ড দামেই সোনা বিক্রি হচ্ছে। নতুন করে দাম বাড়ানো হলে অতীতের সব রেকর্ড ভেঙে আরও উচ্চতায় উঠবে সোনার দাম।
দেশের বাজারে সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটির পক্ষ থেকে সোনার দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি। এই কমিটির এক সদস্য বলেন, বিশ্ববাজারে সোনার দাম যে হারে বেড়েছে, তাতে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর কোনো বিকল্প নেই।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজার এবং স্থানীয় বাজারে পাকা সোনার দাম পর্যালোচনা করে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেবে। সোনার দাম কতটা বাড়ানো হবে সেই সিদ্ধান্ত কমিটি নেবে। দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করার পর এরই মধ্যে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ১০০ ডলার বেড়ে গেছে। স্বাভাবিকভাবেই এখন দেশের বাজারে সোনার দাম বাড়বে।
আরও পড়ুনঃ বঙ্গভবনে আরও চার উপদেষ্টা শপথ নিয়েছেন





