বিএনপি ১৪ বছর ধরে একই ঢোল বাজাচ্ছে : তথ্যমন্ত্রী
সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ১৪ বছর ধরে বিএনপি একই ঢোল বাজাচ্ছে, কোনো নতুনত্ব নেই। আসলে এই ১৪ বছরে তারা জনগণ থেকে যোজন যোজন দূরে সরে গেছে।
মন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় শেষে সাংবাদিকরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সাম্প্রতিক নানা মন্তব্য নিয়ে প্রশ্ন করলে এ কথা বলেন।
তিনি বলেন, তোতা পাখি যেমন শিখিয়ে দেয়া কথার বাইরে কিছু বলতে পারে না, খন্দকার মোশাররফ সাহেবসহ সব বিএনপি নেতার কথাই সেই তোতা কিম্বা ময়না পাখির মতো গৎবাঁধা।
বিএনপির গনমিছিল বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, আমরা ৩০ ডিসেম্বর পাল্টা কোনো কর্মসূচি দিচ্ছি না, তবে আমাদের দলীয় নেতাকর্মীরা ঢাকা শহরে বিভিন্ন স্পটে পাহারায় থাকবে। আপনারা দেখেছেন অতীতে তারা রাজনীতির কর্মসূচির নামে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, জনগণের সম্পত্তি ধ্বংস করেছে, মানুষের ওপর হামলা পরিচালনা করেছে। এমন কি গত ১০ ডিসেম্বর কর্মসূচিকে সামনে রেখে তারা ঢাকা শহরে তান্ডব তৈরির চেষ্টা করেছে, যদিও পুরোপুরি সফল হয়নি। এরপরও গাড়িতে আগুন দিয়েছে, ঢাকার বাইরে চট্টগ্রামসহ অন্যান্য জায়গাতেও একই ধরণের বিশৃঙ্খলা-তান্ডব সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। তাদের কর্মসূচি হলেই তো জনগণ একটু ভীত-সন্তস্ত্র থাকে।
মন্ত্রী বলেন, সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের পাশে, থাকা যাতে দেশের শান্তি, শৃঙ্খলা, স্থিতি কেউ বিনষ্ট করতে না পারে। সে জন্য আমাদের দল সারা ঢাকা শহর জুড়ে এবং আমাদের দলীয় নেতাকর্মীরা সারা বাংলাদেশ জুড়ে সতর্ক পাহারায় থাকবে।
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কম ভোট পাওয়া নিয়ে প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, সেখানে ভোট সুষ্ঠু হয়েছে, খুবই সুন্দর নির্বাচন হয়েছে এবং সব প্রার্থীই সন্তোষ প্রকাশ করেছেন। যেহেতু কাউন্সিল পদে বেশিরভাগই আওয়ামী লীগ সমর্থকরা নির্বাচিত হয়েছেন কিন্তু আবার মেয়র পদে আমাদের প্রার্থী কম ভোট পেয়েছেন সুতরাং সেখানে দুর্বলতা কোন জায়গায় কিম্বা হিসাব কোন জায়গায় সেটা সহজেই অনুমেয়।





