বিএনপি গুজবসর্বস্ব রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হচ্ছে গুজবসর্বস্ব রাজনৈতিক দল, মিথ্যাচারই তাদের একমাত্র হাতিয়ার।
আজ শনিবার রাজধানীতে সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। এসময় ধর্ম নিয়ে রাজনীতি এবং নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল বলে মন্তব্য করেছেন তিনি।
এ সময় বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার হীন মতলবে একটা বিদেশি রাষ্ট্রকে উসকানি দেয়ার অপচেষ্টা বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের বলেন, সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বিএনপির অপরিণামদর্শী রাজনীতির পরিচয় বহন করে। দেশ ও দেশের জনগণের প্রতি ন্যূনতম কমিটমেন্ট থাকলে, কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল এমন কথা বলতে পারে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিই এখন ধর্মের কার্ড ব্যবহার করে। তাদের রাজনীতি হচ্ছে খাল কেটে কুমির আনার রাজনীতি। তারা গণতন্ত্রের মুখোশের আড়ালে দেশকে গণতন্ত্রহীন করে রেখেছিল। এখন আবার তারা সে পথেই হাঁটতে চায়। কিন্তু তাদের এসব কৌশল এখন ভোঁতা হাতিয়ারে পরিণত হয়েছে।
মন্ত্রী বলেন, বিএনপি দেশকে গণতন্ত্রহীন করতে চায়। সন্ত্রাস-নৈরাজ্যের জনপদে পরিণত করে সাম্প্রদায়িক রাজনীতির বিষবাষ্প ছড়িয়ে দিতে চান দলের নেতারা। বিএনপি রাতদিন সরকারের অন্ধ সমালোচনা করছে। মিথ্যাচারকে তারা শিল্পে রূপ দিয়েছেন।
আরও পড়ুনঃ সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করুন : স্বরাষ্ট্রমন্ত্রী





