বিএনপির সঙ্গে জামায়াতেরও অবরোধ বুধ ও বৃহস্পতিবার
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ সব কারাবন্দির মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আগামী ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ সোমবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি বলেন, সরকার একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। একই সঙ্গে বিরোধীদলের লোকদের গ্রেফতার করা হচ্ছে। এভাবে কোনো দেশ চলতে পারে না।
তিনি আরও বলেন, এ অবস্থা থেকে দেশকে বাঁচানো এবং ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ৮ নভেম্বর বুধবার ভোর ৬টা থেকে ১০ নভেম্বর শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের তৃতীয় দফা নতুন কর্মসূচি ঘোষণা করছি।
ঘোষিত কর্মসূচি সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য তিনি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী ও দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানান।
আরও পড়ুনঃ আবারও দুই দিনের অবরোধ দিল বিএনপি





