বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি গণতন্ত্রের শত্রু। জিয়াউর রহমানের আমলে হ্যাঁ-না ভোট হয়েছে। সব ভোটেই কারচুপি করেছে তারা। তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর নিয়ামতপুরে বীরজোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, বিশ্বের বুকে বাঙালিকে পরিচিত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সাড়ে তিন বছর মানুষের জন্য কাজ করার সুযোগ পান। দেশকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার আগে মুশতাক ও জিয়ার ষড়যন্ত্রে সপরিবারে হত্যা করা হয়।
খাদ্যমন্ত্রী বলেন, অসহায় মানুষের বেঁচে থাকার অবলম্বন করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুঃখজনক হলেও সত্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আসার আগে অনেকই পরিবারে ও সমাজে অমর্যাদা পেয়েছেন। এখন কেউ বয়স্কভাতা পান, কেউ বিধবাভাতা, কেউবা আশ্রয়ণের ঘর পেয়েছেন। মাথা গোজার ঠাঁই পেয়েছে।
আরও পড়ুনঃ “বাংলাদেশে ই-ভিসা খুব শিগগিরই চালু হবে”





