বিএনপির নৈরাজ্য থেকে রেহাই পায়নি সাংবাদিকরাও: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামাতের নৈরাজ্য থেকে রেহাই পায়নি সাংবাদিকরাও। আজ ২০ জনের বেশি সাংবাদিক আহত হয়েছে, দেড়শ’র বেশি পুলিশ সদস্য আহত হয়েছে, একজন পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আওয়ামী লীগ প্রতিনিধি দলের সাথে ঢাকায় বিএনপির সমাবেশের নামে বিভিন্ন স্থানে হামলায় আহতদের খোঁজখবর নেওয়া ও চিকিৎসা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, সমাবেশের নামে বিএনপি-জামাতের নৃশংস হামলায় আহত সাংবাদিক, পুলিশ সদস্য, দলীয় নেতাকর্মীসহ চিকিৎসাধীন সকলকে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার ও দলের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আমরা রাজারবাগ পুলিশ হাসপাতালেও যাবো।
সাংবাদিকদের কি অপরাধ প্রশ্ন রেখে হাছান বলেন, সাংবাদিকরা নিউজ কভার করতে গেছে, পুলিশ তার ডিউটিতে ছিল, সাধারণ মানুষ তার কাজে যাচ্ছিল। এদের ওপর নৃশংস হামলা ক্ষেত্রবিশেষে বিএনপির ২০১৩, ১৪ ও ১৫ সালের বর্বরতাকেও হার মানিয়েছে। অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ “পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করেছে ছাত্রদল নেতা “





