বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হবে: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, চলতি নতুন বছরে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে। ব্যাংকগুলোকে পর্যাপ্ত সাপোর্ট দেয়া হবে। বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত পূরণে নয়, বরং রাজস্ব বাড়ানোর স্বার্থেই বিভিন্ন পণ্যের উপর কর বাড়ানো হয়েছে। কিছু পণ্যে বড় কর ছাড় দেয়া হয়েছে, এর ঘাটতি মেটাতে কিছু পণ্যে এ সিদ্ধান্ত।
তবে ৪৩টি পণ্যের ওপরে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যের দামের ওপরে প্রভাব পড়বে না উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের কষ্ট হবে না। তিন তারকা মানের ওপরের হোটেলগুলোর ক্ষেত্রে কর বাড়ানো হয়েছে। সাধারণ মানের হোটেল রেস্তোরাঁর ওপরে বাড়ানো হয়নি।





