বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা ভারতের
লোকসভা নির্বাচন সামনে রেখে পেঁয়াজ রফতানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।
আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকনোমিক টাইমসের এক প্রতিবেদনে এতথ্য জানা যায়।
একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দেশটির সরকার শুক্রবার জানায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পেঁয়াজের ওপর রফতানি নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এ বিষয়ে মুম্বাইয়ের একটি রফতানি সংস্থার একজন নির্বাহী জানান, নতুন মৌসুমের ফসলের জন্য সরবরাহ বাড়ছে, সেইসঙ্গে বাজারে পেঁয়াজের দামও যথেষ্ট কমে গেছে। তাই নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানোর বিষয়টি আশ্চর্যজনক এবং একেবারেই অপ্রয়োজনীয়।
সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্রের কিছু পাইকারি বাজারে পেঁয়াজের ব্যাপক দরপতন হয়েছে। ওই নির্বাহী বলেছেন, ডিসেম্বরে প্রতি একশ কেজি পেঁয়াজের মূল্য ৪ হাজার ৫০০ রুপি ছিল। তা কমে এখন এক হাজার ২০০ রুপিতে নেমেছে।





