“বাজারে কোনো জিনিস কম দামে বিক্রি হচ্ছে গণমাধ্যমে সেই খবরও প্রচার করা উচিত”
বাজারে কোনো জিনিস কম দামে বিক্রি হচ্ছে গণমাধ্যমে সেই খবর প্রকাশ ও প্রচার করা উচিত বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
বুধবার রাজধানীর একটি হোটেলে সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
তিনি বলেন, কোথায় কোন জিনিসের দাম বেড়েছে তার খবর না দিয়ে গণমাধ্যমকেও ভোক্তাবান্ধব হতে হবে। এ জন্য কোথায় পণ্যের দাম কমেছে সেই তথ্যটা প্রকাশ করলে ভোক্তাদের জন্য উপকার হবে।
তিনি বলেন, বাজারে পণ্যের দাম বৃদ্ধির সংবাদ প্রচার করলে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী উৎসাহিত হয়ে দাম বাড়িয়ে দেন। তাই বাজারে কোনো জিনিস কম দামে বিক্রি হচ্ছে গণমাধ্যমে সেই খবর প্রকাশ ও প্রচার করা উচিত বলে তিনি মন্তব্য করেন।
বাজারে পণ্যের দাম স্থিতিশীল রয়েছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, রমজানের আগে সরকার বাজার স্থিতিশীল রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এ জন্য দাম স্থিতিশীল রয়েছে। চালের দাম স্থিতিশীল, পেঁয়াজের বাজার নিম্নগামী। চিনির বাজারও ঊর্ধ্বগামী হবে না।
আরও পড়ুনঃ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের নানা কর্মসূচি





