“বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না, বাংলাদেশ শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছে”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজ পাকিস্তান সব দিক থেকে তলানিতে যাচ্ছে। তারা (বিএনপি) বলে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে! বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না। বাংলাদেশ শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছে, সুদানকে ঋণ দিয়েছে।
মঙ্গলবার দুপুরে কোম্পানিগঞ্জে বসুরহাট বাজারের বঙ্গবন্ধু চত্বরে ২৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন রাজনীতির একটা অংশ। সাধারণ মানুষের কাছে রাজনীতিকে আকর্ষণীয় করে তুলতে হবে। যারা খারাপ কাজ করে, আগুন সন্ত্রাস করে; তারা মানুষের কাছে চিহ্নিত হয়ে থাকবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আসার সময় পথে পথে তাকিয়ে দেখি আমার কত ছবি! আমার আর ছবির দরকার নেই। ছবি দেখিয়ে আমাকে আর প্রদর্শন করবেন না।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কাদের আরও বলেন, যারা কর্মীদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেয় তারা ভালো মানুষ না। নেতা হয়ে গরিবের টাকা নিয়ে চাকরি দিলে ওই টাকা তার পরিশোধ করতে ১০ বছর লেগে যাবে। এ কথাটা ভেবে দেখবেন সবাই। আমার ও সরকারের দুর্নাম হয় এমন কাজ করবেন না। মানুষের মনের ভাষা, চোখের ভাষা বুঝতে হবে। বুঝতে না পারলে ভুল করবেন। নির্বাচনে তার প্রমাণ পাবেন।
আরও পড়ুনঃ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সাহাবুদ্দিনকে অভিনন্দন জানালেন আবদুল হামিদ





