ফিচার

বাংলাদেশ নিয়মভিত্তিক বিশ্বশৃঙ্খলা ও সম্মিলিত পদক্ষেপের পক্ষে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা এবং সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপের পক্ষে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি অভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আলোচনা, আস্থা বৃদ্ধি ও সহযোগিতামূলক সমাধানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

আজ শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ‘নেক্সট জেনারেশন প্রফেশন: কনভার্জিং এথিক্যাল এআই অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্টিং’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, “দায়িত্বশীল প্রতিবেশী এবং জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা ও সম্মিলিত পদক্ষেপের পক্ষে। আমরা আলোচনা, আস্থা বৃদ্ধি এবং অভিন্ন উদ্বেগের বিষয়ে সহযোগিতামূলক সমাধানকে সমর্থন করি।” তিনি আরও বলেন, বাংলাদেশ স্থিতিশীলতা, আস্থা ও সহযোগিতামূলক সমাধান প্রচারে বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পৃক্ত রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এথিক্যাল এআই) এবং টেকসই রিপোর্টিংয়ের সমন্বয় ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠছে। প্রযুক্তিগত উদ্ভাবন বিশ্বব্যাপী পেশাকে রূপান্তরিত করছে, একইসঙ্গে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীল শাসনব্যবস্থার ওপর বৈশ্বিক গুরুত্ব বাড়ছে। বাংলাদেশের জন্য প্রযুক্তি ও টেকসই উন্নয়নের এই সমন্বয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা এবং বৈশ্বিক সংহতি জোরদার করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, পেশাদারদের শুধু প্রযুক্তিগত দক্ষতা অর্জনই যথেষ্ট নয়, নৈতিকভাবে দৃঢ় ও দায়বদ্ধ থাকাও জরুরি। সাফা সম্মেলনের মতো মঞ্চ জ্ঞানের আদান-প্রদান, সেরা পদ্ধতি ভাগ করে নেওয়া এবং অর্থবহ সহযোগিতার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সম্মেলন দক্ষিণ এশিয়া ও এর বাইরের বিশেষজ্ঞ, পেশাজীবী ও চিন্তাবিদদের একত্রিত করেছে দেখে তিনি উৎসাহিত বোধ করছেন।

সম্মেলনে বিশেষজ্ঞরা বলেন, বৈশ্বিক অ্যাকাউন্টিং পেশা একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। নৈতিক এআই এবং টেকসই রিপোর্টিং একত্রিত হওয়ায় ব্যবসায়িক ঝুঁকি, বিনিয়োগকারীদের প্রত্যাশা ও জনসাধারণের আস্থা পুনর্গঠিত হচ্ছে।

সম্মেলনে আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা অংশ নেন। তিনটি টেকনিক্যাল অধিবেশন এবং একটি সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসান এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া বিশেষ অতিথি ছিলেন। এ এইচ এম আহসান বলেন, প্রযুক্তিগত অগ্রগতি সুযোগ ও চ্যালেঞ্জ উভয়ই নিয়ে আসে। এআই-চালিত সিস্টেম দক্ষতা বাড়াতে ও কমপ্লায়েন্স জোরদার করতে পারে, কিন্তু শক্তিশালী নৈতিক সুরক্ষা ছাড়া অ্যালগরিদমিক যোগসাজশ, অস্বচ্ছতা ও বর্জনমূলক চর্চার ঝুঁকি তৈরি করতে পারে।

এই প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি)-এর সভাপতি জ্যঁ বুকো আইসিএবি’র আমন্ত্রণে ঢাকায় এসে সম্মেলনে অংশ নেন। তিনি বলেন, সততা ও জনস্বার্থকে কেন্দ্র করে এআই পরিচালনা করলে হিসাববিদরা অনিশ্চয়তাকে সুযোগে পরিণত করতে পারবেন এবং আরও টেকসই ও সহনশীল অর্থনীতি গঠনে অবদান রাখতে পারবেন।

আইসিএবি সভাপতি এন কে এ মোবিন স্বাগত বক্তব্য রাখেন। আয়োজন কমিটির চেয়ারম্যান ও আইসিএবি’র সাবেক সভাপতি মুহাম্মদ ফরহাদ হোসেনও বক্তব্য দেন। সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএবি’র সাবেক সভাপতি ও রহমান রহমান হক, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস’র সিনিয়র পার্টনার আদীব হোসেন খান। তিনি বলেন, টেকসই প্রতিবেদন ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আর দূরবর্তী ধারণা নয়—এটি ইতোমধ্যে অর্থনৈতিক মূল্য সৃষ্টি, পরিমাপ ও প্রকাশের কাঠামোতে আমূল পরিবর্তন এনেছে।

আদীব হোসেন খান পেশাজীবী, নিয়ন্ত্রক সংস্থা ও মান-নির্ধারকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান, যাতে এআই-সক্ষম টেকসই রিপোর্টিং স্বচ্ছ, ব্যাখ্যাযোগ্য এবং বৈশ্বিক মান ও বিনিয়োগকারীদের আস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার