বাংলাদেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত।
আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশে সরকারিভাবে পেঁয়াজ রফতানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
পেঁয়াজ রফতানির অনুমতির বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ভারতীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, দ্বিপাক্ষিক উদ্দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রফতানির অনুমতি দেয়া হয়েছে।
তবে পেঁয়াজ রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার করে নেয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি নয়াদিল্লি। বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাহরাইন এবং মরিশাসে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত।
এর আগে রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয় নিজ দফতরে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের জানান, রোজার আগেই ভারত থেকে দেড় লাখ টন চিনি ও পেঁয়াজ আমদানি করা হবে। এর মধ্যে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ১ লাখ মেট্রিক টন চিনি।
আরও পড়ুনঃ বই কেনায় আগ্রহ নেই দর্শনার্থীদের, বই মেলা কাটছে সেলফি তুলে আর আড্ডায়





