বকশিবাজার আলিয়া মাদ্রাসার মাঠ ফেরতের উদ্যোগ
রাজধানীর বকশিবাজারে সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। বুধবার (১ অক্টোবর) ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. আবরার জানান, আলিয়া মাদ্রাসার মাঠটি পূর্ববর্তী সরকারের আমলে দখল করে সেখানে একটি বিশেষ আদালত ভবন নির্মাণ করা হয়েছিল। তিনি বলেন, “যে অবৈধ প্রক্রিয়ায় এই স্থাপনা নির্মিত হয়েছে, তা অপসারণের কাজ চলছে।” মাঠটি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়ার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
উপদেষ্টা বলেন, দেশের মাদ্রাসাগুলোতে লাখ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও বাস্তব জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি মাদ্রাসা শিক্ষার ঐতিহ্য ধরে রাখতে ইংরেজি ও গণিতের পাশাপাশি আরবি শিক্ষার প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চার দশক ধরে শিক্ষকতা করেছি। অনেক মেধাবী ছাত্র মাদ্রাসা থেকে এসে তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছে।”
ড. আবরার অভিযোগ করেন, গত ১৬ বছরে ধর্মীয় শিক্ষা ও পোশাকের কারণে মাদ্রাসা ছাত্রদের জঙ্গি তকমা দিয়ে নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, “এখন সব সত্য প্রকাশ পেয়েছে। মাদ্রাসা ছাত্ররা জঙ্গি নয়।” তিনি শাপলা চত্বরে রাতের আঁধারে সংঘটিত হত্যাযজ্ঞের কথা উল্লেখ করে বলেন, “এই হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এখন জাতির কাছে সবকিছু স্পষ্ট।”
শিক্ষা উপদেষ্টা জানান, ঢাকা আলিয়াসহ দেশের তিনটি আলিয়া মাদ্রাসার উন্নয়নে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষক স্বল্পতা দূর করতে এবং ছাত্রদের আবাসন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া, মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
অনুষ্ঠানে উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “মাদ্রাসা শিক্ষার ঐতিহ্য ধরে রেখে আধুনিক জ্ঞান অর্জন করতে হবে। তোমরা মেধা ও পরিশ্রম দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখবে।” তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় মাদ্রাসা শিক্ষাকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।





