“ফাঁস হওয়া প্রশ্নে চাকরি পাওয়াদেরও আইনের আওতায় আনা হবে”
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ বলেছেন, বিভিন্ন নিয়োগ পরীক্ষায় ফাঁস হওয়া প্রশ্নে যারা চাকরি পেয়েছেন তাদেরও আইনের আওতায় আনা হবে।
আজ শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এদিন শুক্রবার রাতে গ্রেফতার করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত চক্রের গ্রেফতার ৫ জনকে গণমাধ্যমের সামনে হাজির করে ডিবি পুলিশ। তাদেরকে হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমটি অপারেটর মো. জাহাঙ্গীর আলম (৩৬), এমটি অপারেটর মোহাম্মদ মাহফুজ আলম ভূঁইয়া (৩১), এমটি অপারেটর মো. এনামুল হক (২৭), অফিস সহায়ক আওলাদ হোসেন (২৯) এবং অফিস সহায়ক হারুনুর রশিদ (৪০)।
হারুন অর রশীদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা এর আগেও বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এ ঘটনায় বিমানের ঊর্ধ্বতন কেউ জড়িত কি না সেটিও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। এসময় অভিভাবকসহ সবাইকে এই অপকর্ম বন্ধে উদ্যোগ নেয়ার আহ্বান জানান ডিবি প্রধান।





