পিরোজপুরে বাসচাপায় দুই বোন নিহত; ভাই আহত
পিরোজপুর-ঢাকা সড়কের শিকদারমল্লিক ইউনিয়নে বাসচাপায় দুই বোন নিহত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার আধাঝুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের ভৈরমপুর এলাকার শেখ নজরুল ইসলামের মেয়ে মুক্তা (২৫ ) ও মারিয়া (১০)। এ ঘটনায় নিহতদের বড় ভাই মঞ্জুরুল ইসলাম (২৭) গুরুতর আহত হয়েছে।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান জানান, দুপুরে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী এলাকায় বাজার শেষে ভ্যানে করে মুক্তা, মারিয়া ও মঞ্জুরুল বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সদর উপজেলার আধাঝুড়ি এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাদের ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই মুক্তা মারা যায়। পরে হাসপাতালে মারিয়া ও মঞ্জুরুলকে নিলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে মারিয়াও মারা যায়।
আরও পড়ুনঃ টিসিবি কার্যক্রম চালাতে বড় ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে: বানিজ্যমন্ত্রী





