পিএসএল জানুয়ারিতে সরিয়ে আনার আলোচনা
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সঙ্গে সূচির সংঘর্ষ, তারকা খেলোয়াড়দের দলত্যাগ এবং বিজ্ঞাপনী খরা এড়াতে এবার বড়সড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ফ্র্যাঞ্চাইজিগুলো। আগামী বছর থেকেই পিএসএলকে জানুয়ারি মাসে নিয়ে আসার জোরালো আলোচনা শুরু হয়েছে।
লন্ডনে গত ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত পিএসএলের গভর্নিং কাউন্সিলের সভায় মূলত এই প্রস্তাবটি তোলে লীগের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ‘ওয়ালি টেকনোলজিস’। গত দুই মৌসুম ধরে এপ্রিল-মে মাসে টুর্নামেন্টটি আয়োজিত হওয়ায় বড় ধরনের বাণিজ্যিক সংকটে পড়ে আয়োজকরা।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানতে পেরেছে, পবিত্র রমজান মাসের ঠিক পরের সময়টায় পাকিস্তানের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান ও কোম্পানিগুলো তাদের বার্ষিক বিজ্ঞাপনী বাজেটের একটা বড় অংশই খরচ করে ফেলে। ফলে দর্শকদের বিপুল আগ্রহ থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত বিজ্ঞাপন বা টিভি স্বত্বের রাজস্ব আদায়ে বড় ধরনের হিমশিম খেতে হচ্ছে।





