নুরুল হক নুরের সুচিকিৎসায় বিদেশে পাঠাতে উপদেষ্টার নির্দেশ
গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নুরের স্ত্রী মারিয়া আক্তার এবং গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এই নির্দেশনা দেন।
সাক্ষাতে নুরের স্ত্রী মারিয়া আক্তার, দলের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন উপস্থিত ছিলেন। মারিয়া আক্তার আবেগাপ্লুত হয়ে প্রধান উপদেষ্টাকে জানান, নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙে গেছে এবং তিনি চোয়াল ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছেন। তার সুস্থতার জন্য বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন।
প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নুরের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন। তিনি বলেন, “এই ঘটনায় আমরা সকলেই মর্মাহত। নুরের সুচিকিৎসার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চলছে।”
বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হামলার ঘটনা তদন্তে বিচারপতি আলী রেজার নেতৃত্বে একটি এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হচ্ছে। আগামী বুধবারের (৩ সেপ্টেম্বর) মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশিত হবে। তদন্ত কমিটি আগামী ১৫ দিনের মধ্যে তাদের কাজ শেষ করবে।





