নির্বাচনে কোনো বাধা সৃষ্টি করলে সমুচিত জবাব দেওয়া হবে: খাদ্যমন্ত্রী
আসন্ন নির্বাচনে বিএনপি কোনো বাধা সৃষ্টি করলে সমুচিত জবাব দেওয়া হবে বলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মন্তব্য করেছেন।
আজ রোববার বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর কলেজ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত দিনে বিএনপি বাসে আগুন দিয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে। আগুন সন্ত্রাস করে জনগণের জানমালের ক্ষতিসাধন করেছে। সেই বিএনপি এখন সাধু সেজেছে।
খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার উপকারভোগী সবদলের সব ধর্মের মানুষ। বিরোধিতা যারা করেন তারা আরও বেশি সুবিধা পেয়েছেন এ সরকারের আমলে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। তাদের বীর নিবাস করে দিয়েছে সরকার। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধীদের ভাতাসহ শিক্ষার্থীদের উপবৃত্তি ও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে সরকার।
নওগাঁর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০০১ সালে নির্বাচনে জয়লাভ করে বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-মামলা দিলেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপির মতো হামলা-মামলা করে হয়রানি করেনি। নওগাঁয় বিএনপি মায়ের কোলে আছে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশকে উন্নত দেশ করতে হলে সব নাগরিকদের এক কাতারে আনতে হবে। সুষম উন্নয়ন করতে হবে। সেটা বিবেচনায় নিয়ে সবার জন্য উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ সূত্রঃ ডিজিটাল যুগে শিশুদের মোবাইল আসক্তি থেকে কীভাবে বাঁচাবেন?





