নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আচরণবিধি নিয়ে সতর্ক করলেন সিইসি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আচরণবিধি নিয়ে সতর্ক করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেন, প্রধানমন্ত্রীসহ যারা ভোট চাচ্ছেন, তারা ভোট চাইতে পারেন কিনা তা নিয়ে এখন কোনো মন্তব্য করবো না; বিষয়টি কেউ নজরে আনেননি। তফসিল ঘোষণার পর কেউ আচরণবিধি লঙ্ঘন করছে কিনা তখন দেখব। শুধু তফসিলের পরে নয়, আগেও ভোটের পরিবেশ রক্ষায় কাজ করতে পারে ইসি।
আজ সোমবার নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
নৌকার পক্ষে ভোট চাওয়ায় জামালপুরের জেলা প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে দেওয়া চিঠির প্রসঙ্গে বলতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, কোনো জেলা প্রশাসকের আচরণ পক্ষপাতমূলক হওয়া কাম্য নয়।
সিইসি বলেন, তফসিল ঘোষণার পর কিছু সুনির্দিষ্ট দায়িত্ব- যেগুলো বাধ্যতামূলক আমাদের করতেই হবে। তফসিলটা হচ্ছে নির্বাচনের চূড়ান্ত পর্যায়। যেখান থেকে ধাপে ধাপে আমাদের পোলিং ডে এবং নির্বাচন ঘোষণা করতে হয়। এখন নির্বাচনের আগেও যদি কোনো কিছু যা নির্বাচনের আস্থাভাজন, সরকার বা নির্বাচন কমিশনের আস্থাভাজনতা বা যারা নির্বাচন পরিচালনা করবেন তাদের তাদের পক্ষপাতহীন আচরণ নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হয় তাহলে নির্বাচন কমিশন অবশ্যই সেটা সরকারের নজরে আনতে পারে। সেই দৃষ্টিভঙ্গি থেকে জামালপুরের ডিসির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে আমরা চিঠি দিয়ে অনুরোধ করেছিলাম তাকে প্রত্যাহার করে জেলা প্রশাসকদের সতর্কবার্তা দিতে যেন এ ধরনের আচরণ না হয়। এটা নির্বাচনের স্বার্থে, মানুষের স্বার্থে। সরকার ও নির্বাচন কমিশনের স্বার্থে।





