“নির্বাচনের আগে আর কোন মার্কিন নিষেধাজ্ঞা আসবে না”
মার্কিন ভিসানীতি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ভিসা নীতি প্রয়োগ নিয়ে সরকার উদ্বিগ্ন নয়। নির্বাচনের আগে আর কোন মার্কিন নিষেধাজ্ঞা আসবে না। জনগণই নির্ধারণ করবে কারা ক্ষমতায় থাকবে।
শুক্রবার যুক্তরাষ্ট্রর পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারের এ সংক্রান্ত বিবৃতির পর রাতেই রাজধানীর নিজ বাসায় সংবাদ সম্মেলন ডাকেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রয়োগের বিষয়টি নতুন কিছু নয়। নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ও আপত্তির বিষয়গুলো নিয়ে সরকার কাজ করছে। সরকারের কেউ ভিসা নিষেধাজ্ঞায় পড়লে তাদের ত্রুটি বা সমস্যা নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করা হবে।
সরকারের কতজন নিষেধাজ্ঞার আওতায় পড়েছে তা নির্দিষ্ট করে বলা সম্ভব না উল্লেখ করে তিনি বলেন, সংখ্যাটা বড় নয়, ছোট সংখ্যা।
এছাড়া যুক্তরাষ্ট্রকে আর কোন নিষেধাজ্ঞা না দিতে সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বলেও জানান শাহরিয়ার আলম।
এদিকে সম্প্রতি বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি ঘোষণা করেছিল আজ তা বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেয় দেশটি। এক সংবাদ বিবৃতিতে বিষয়টি জানায় মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
তিনি বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাঁধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ওপর ভিসা বিধিনিষেধ বাস্তবায়নে পদক্ষেপ নিতে শুরু করেছে পররাষ্ট্র বিভাগ।
বিবৃতি বলা হয়, এসব ব্যক্তিদের মধ্যে আইন প্রয়োগকারী, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যও রয়েছে।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ আগামী নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে: তথ্যমন্ত্রী





